বাঙালির নতুন বছরের প্রথম দিন মানেই দেবালয়ে পুজো দিয়ে শুভ সূচনা। আর নববর্ষের সেই পুণ্য লগ্নে বীরভূমের তারাপীঠ মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়। প্রতিবারের মতো এবারও বুধবার সূর্যোদয়ের আগে থেকেই মন্দির চত্বরে তিল ধারণের জায়গা নেই। তবে সাধারণ মানুষের পাশাপাশি আজ তারাপীঠের লম্বা লাইনে নজর কাড়ল রাজনীতির কারবারিরাও। রামপুরহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী ধ্রুব সাহা— দুজনেই এদিন ভোরে ডালা হাতে হাজির হলেন মা তারার দুয়ারে। রাজ্যবাসীর মঙ্গল কামনার পাশাপাশি নিজেদের জয়ের প্রার্থনাও সারলেন এই দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী।
নববর্ষের নিয়ম মেনে এদিন খুব ভোরে মা তারাকে মহাস্নান করানো হয় এবং তারপর সম্পন্ন হয় মঙ্গল আরতি। আরতি শেষ হতেই ভক্তদের দর্শনের জন্য মন্দিরের গর্ভগৃহের দ্বার খুলে দেওয়া হয়। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের পাশাপাশি এলাকার ব্যবসায়ীরাও তাদের নতুন বছরের হালখাতা নিয়ে মায়ের আশীর্বাদ নিতে ভিড় জমিয়েছেন। আজ দুপুরে মা তারার জন্য থাকছে বিশেষ ভোগের আয়োজন। ভাত, ডাল, পাঁচ রকমের ভাজা ও মিষ্টির পাশাপাশি মায়ের প্রিয় শোল মাছ পোড়া ও পায়েসের এলাহি ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে।
নতুন বছরের প্রথম দিনে এই বিপুল জনসমাগম সামলাতে মন্দির কমিটি ও পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সিসিটিভি এবং সাদা পোশাকের পুলিশের মাধ্যমে চলছে কড়া নজরদারি। ভিড় সামলে যাতে ভক্তরা নির্বিঘ্নে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে পারেন, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ভক্তি আর রাজনীতির এক অনন্য মিশেলে তারাপীঠে আজ উৎসবের মেজাজ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন