খড়গপুর: বাংলা নতুন বছরের শুরুতেই মেদিনীপুরের রাজনৈতিক ময়দানে দাপিয়ে খেললেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার এখানেই নববর্ষের শোভাযাত্রায় খোল-করতাল হাতে মেতে ওঠার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে একের পর এক তোপ দাগেন তিনি। বিশেষ করে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশির তথাকথিত নির্দেশিকা নিয়ে চলা বিতর্কে দিলীপ ঝাঁঝালো মন্তব্য করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশিকা নিয়ে তৃণমূলের নালিশের পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, "নির্বাচন কমিশনের অধিকার রয়েছে যে কাউকে সন্দেহ হলে তল্লাশি করার। গত নির্বাচনে অমিত শাহের চার্টার্ড বিমান পর্যন্ত পরীক্ষা করা হয়েছিল। আমার গাড়িও এর আগে তল্লাশি করা হয়েছে।" এরপরই তিনি দাবি করেন, তৃণমূলের এই আপত্তির কারণ হল ‘ভয়’। দিলীপের অভিযোগ, "গাড়িতে করে প্রচুর বেআইনি টাকা ঘোরানো হচ্ছে বলেই ওরা এত ভয় পাচ্ছে। টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, তিনি একজন অযোগ্য প্রশাসক। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত বা গুন্ডামুক্ত করতে পারেননি। মহিলাদের নিরাপত্তা দিতেও তিনি ব্যর্থ। তৃণমূলের গুন্ডাদের হাত থেকে মা-বোনদের রক্ষা করতেই কেন্দ্রীয় বাহিনী আসছে।"
নাগরিকত্ব ইস্যুতে তৃণমূলের তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে দিলীপ সাফ জানান, বৈধ নথি থাকলেই তাঁরা ভোটার থাকবেন। তবে তাঁর পাল্টা তোপ, "মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের অবৈধভাবে এ রাজ্যে ঢুকিয়ে নকল রেশন কার্ড বা আধার কার্ড বানিয়ে দিয়েছেন, তাঁরা কোনওদিনই এ দেশের প্রকৃত ভোটার হতে পারবেন না।" উত্তরবঙ্গ বিভাজনের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, বিজেপি অখণ্ড সোনার বাংলা গড়াতেই বিশ্বাসী।
নির্বাচনী ফলাফল নিয়ে প্রবল আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ জানান, খড়্গপুর সদরে জনতা তাঁকেই জেতাবে। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, "নির্বাচনের দিন এগিয়ে এলে তৃণমূলের কর্মীরা আর বাড়ি থেকে বেরোনোর সাহস পাবেন না। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বিজেপিকে ভোট দেবে।"

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন