আপনার কি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় (SBI) অ্যাকাউন্ট আছে? মোবাইলে কি আধার ডিটেইলস আপডেট করার কোনও মেসেজ বা লিঙ্ক এসেছে? যদি এসে থাকে, তবে এখনই সাবধান হোন! পিআইবি (PIB)-র পক্ষ থেকে গ্রাহকদের একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়েছে যে, আধার তথ্য দ্রুত আপডেট না করলে নাকি আপনার এসবিআই ইয়োনো (SBI YONO) অ্যাপটি বন্ধ হয়ে যাবে। এমনকি ওই মেসেজের সঙ্গে একটি ‘এপিকে’ (APK) ফাইলের লিঙ্কও দেওয়া হচ্ছে। কিন্তু পিআইবি স্পষ্ট জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং এটি একটি বড়সড় প্রতারণার ফাঁদ।
সাইবার অপরাধীরা মূলত সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলার জন্য এই ধরনের মেসেজ পাঠাচ্ছে। স্টেট ব্যাঙ্ক কখনওই তাদের গ্রাহকদের কোনও থার্ড-পার্টি লিঙ্ক বা আনভেরিফাইড এপিকে ফাইল ডাউনলোড করে আধার তথ্য আপডেট করতে বলে না। মনে রাখবেন, ব্যাঙ্ক কখনওই ফোন বা মেসেজে আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড, ওটিপি (OTP) কিংবা আধার নম্বর জানতে চাইবে না। এই ধরনের সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার ফোনের সমস্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্ক ডিটেইলস প্রতারকদের হাতে চলে যেতে পারে, যা আপনার অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে শূন্য করে দেওয়ার জন্য যথেষ্ট।
এসবিআই গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, এই ধরনের ফিশিং স্ক্যাম (Phishing Scam) থেকে দূরে থাকতে এবং অচেনা কোনও সোর্স থেকে ভুলেও কোনও অ্যাপ ইনস্টল না করতে। যদি আপনার কাছেও এমন কোনও সন্দেহজনক মেসেজ বা লিঙ্ক আসে, তবে আতঙ্কিত না হয়ে তৎক্ষণাৎ তা report.phishing@sbi.co.in-এ ইমেইল করে রিপোর্ট করুন। আপনার একটি সচেতন পদক্ষেপই পারে আপনার সারাজীবনের সঞ্চয়কে রক্ষা করতে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন