ভ্যাপসা আর প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। বৈশাখ পড়তেই আলিপুর আবহাওয়া দফতরের আগাম আভাস মিলিয়ে দিয়ে চড়চড় করে বাড়ছে পারদ। তবে এই তীব্র দাবদাহের মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা থেকে শুরু করে উত্তরের পার্বত্য এলাকা— সর্বত্রই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। হতে পারে মরসুমের প্রথম কালবৈশাখীও।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। ইতিমধ্যেই হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রপাতের পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
পরিস্থিতি আরও কিছুটা গম্ভীর হতে পারে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, নদীয়া ও বীরভূমে, যেখানে জারি হয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবারের পর শুক্রবারও বৃষ্টির দাপট বজায় থাকবে বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে।
উত্তরবঙ্গের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে এই বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটছে না। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। শুক্রবার সামান্য তাপমাত্রা কমলেও শনি ও রবিবার থেকে ফের গরম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন