পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যজুড়ে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। আর এই আবহে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রেলপথে কড়া নজরদারি শুরু করেছে আরপিএফ (RPF)।
সেই তৎপরতার অংশ হিসেবেই এবার বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় এই বাহিনী। রাজ্যের বিভিন্ন স্টেশনে ঝটিকা অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের নগদ অর্থ, সোনা এবং বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করেছেন আধিকারিকরা। রেল পুলিশের এই ধারাবাহিক ও সুপরিকল্পিত অভিযানে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
সাম্প্রতিক অভিযানে বামনগাছি রেলস্টেশন থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে চক্ষু চড়কগাছ আরপিএফ আধিকারিকদের। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৩২ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা নগদ এবং ৪৩ হাজার মার্কিন ডলার, যার ভারতীয় মুদ্রায় বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকারও বেশি।
সব মিলিয়ে এই দুই ব্যক্তির কাছ থেকে ৭২ লক্ষ টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে, যার স্বপক্ষে কোনও বৈধ কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি। অন্যদিকে, কলকাতা রেলস্টেশনেও তল্লাশি চালিয়ে প্রায় ২৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না-সহ দু’জনকে আটক করা হয়েছে। ধৃতদের এবং উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী ইতিমধ্যেই পরবর্তী তদন্তের জন্য আয়কর দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ।
পূর্ব রেলের আরপিএফের আইজি এবং প্রধান নিরাপত্তা কমিশনার এ. এন. সিনহার কড়া নির্দেশেই এই তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। রেল পুলিশের দাবি, এবারের নির্বাচনে নজরদারির কড়াকড়ি বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। রেলপথকে ব্যবহার করে যাতে কোনওভাবেই বেআইনি অর্থ বা সোনা পাচার করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত না করা যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। আরপিএফের এই সক্রিয়তা একদিকে যেমন অপরাধীদের পিছু হটতে বাধ্য করছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও রেলের স্বচ্ছতা বজায় রাখতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন