কোচবিহার: প্রথম দফার নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে বড়সড় ধাক্কা নিরাপত্তাব্যবস্থায়। কোচবিহারের তুফানগঞ্জে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান। পেটে ব্যথা ও শারীরিক অস্বস্তি নিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিচার করে তড়িঘড়ি জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, তুফানগঞ্জ-২ ব্লকের তল্লিগুড়ি হাইস্কুলে অস্থায়ী ক্যাম্পে থাকছিলেন জওয়ানরা। সেখানেই তাঁরা নিজেরা রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করতেন। বুধবার সকাল থেকেই কয়েকজনের পেটে যন্ত্রণা শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে বাকিদের মধ্যেও। তড়িঘড়ি তাঁদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়া বা ‘ফুড পয়জনিং’-এর জেরেই এই অবস্থা। বর্তমানে ১৪ জন জওয়ানের অবস্থা চিন্তাজনক বলে জানা গিয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জওয়ানদের অসুস্থতার প্রকৃত কারণ জানতে আজকের মধ্যেই বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খাবারের গুণমান নাকি অন্য কোনও বাহ্যিক কারণে এই ঘটনা ঘটেছে - সবটাই খতিয়ে দেখতে বলা হয়েছে ওই রিপোর্টে।
উল্লেখ্য, বুধবারই দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এক আইটিবিপি জওয়ানের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার কোচবিহারের এই গণ-অসুস্থতা বাহিনীর মনোবল ও নিরাপত্তা নিয়ে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে নির্বাচন। কমিশনের নির্দেশ অনুযায়ী, ১৮ এপ্রিল থেকে জেলাগুলিতে বাহিনী মোতায়েন বা ‘ইন্ডাকশন’-এর কাজ শুরু হবে। ২০ এপ্রিলের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার কথা। তার ঠিক আগেই এই ধরনের ঘটনা কমিশনের উপর বাড়তি চাপ তৈরি করল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন