লখনউ: “পাথর পুজো করে কী হবে? পাথর তো কিছু দিতে পারে না!” উত্তরপ্রদেশের গোপামউ কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশের এই একটি মন্তব্যেই এখন দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। নানা মানুষের আরাধ্য দেবদেবীদের ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘জ্যান্ত ভগবান’ হিসাবে উপাসনা করার নিদান দিলেন এই গেরুয়া নেতা। আর, এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
সম্প্রতি আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শ্যাম প্রকাশ। সেখানেই তিনি প্রথাগত মূর্তিপুজো বা পাথর পুজোর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, “আমি জ্যান্ত মানুষকে ভগবান মনে করি। যোগীজি আর মোদিজিকে ভগবান মনে করায় কোনও ভুল নেই। কারণ, ওঁরাই আমাদের কিছু দিতে পারেন। দেওয়ার ক্ষমতা ওঁদের আছে। পাথরের কাছে কিছু চাইলে সে তো আপনাকে কিছু দিতে পারবে না!”
বিজেপি বিধায়কের এই ‘ব্যক্তি-আরাধনা’র দাওয়াই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের আগুন জ্বলে ওঠে। নেটিজেনদের একাংশ একে হিন্দু ধর্মের অবমাননা বলে সরব হয়েছেন।
এই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির হিন্দুত্বের দাবিকে কটাক্ষ করে তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে ‘ধর্মদ্রোহিতা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়, মোদী নিজেকে ‘অজৈবিক’ (Non-biological) দাবি করেছিলেন। এখন তাঁর শিষ্যরা সেই পথেই হাঁটছেন! জগন্নাথদেবকে মোদীর ভক্ত বলা থেকে শুরু করে এখন পাথর পুজো বন্ধ করার ফতোয়া - বিজেপি অতি বিপজ্জনক ব্যক্তি উপাসনা শুরু করেছে। নিজেদের ‘ধর্মরক্ষক’ বলে দাবি করা দলই এখন ধর্মের মূল ভিত্তিতে আঘাত করছে। তৃণমূলের স্পষ্ট কথা, এই ধরনের ‘পাগলামি’ বাংলার মানুষ কখনওই মেনে নেবে না।
বিতর্ক যখন তুঙ্গে, তখন কিছুটা পিছু হটে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন শ্যাম প্রকাশ। সংবাদমাধ্যমকে তিনি জানান, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। তিনি দাবি করেন, বিভিন্ন বাড়িতে কুলদেবতা হিসাবে যে পাথরের পুজো হয়, তিনি কেবল সেই প্রসঙ্গের প্রেক্ষিতেই নিজের ভাবনা প্রকাশ করেছেন। তবে, তাঁর এই সাফাইয়ে বিতর্কের বরফ গলেনি।
বিরোধী শিবিরের মতে, উন্নয়নের বদলে নেতাদের ভগবান বানিয়ে দেওয়ার এই প্রবণতা গণতন্ত্র ও ধর্ম - উভয়ের জন্যই অশনি সঙ্কেত। এখন দেখার, এই মন্তব্য নিয়ে দলের অন্দরে কোনও অস্বস্তিতে পড়তে হয় কিনা উত্তরপ্রদেশের এই বিধায়ককে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন