১০ জন হয়ে যাওয়ার পরেও হার মানল না লাল-হলুদ। মিগুয়েল ফিগুয়েরার লাল কার্ডের ধাক্কা সামলে, এক ঘণ্টা এক জন কম নিয়ে খেলেও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ৩ পয়েন্ট না এলেও, শেষ মুহূর্তের রোমাঞ্চকর লড়াইয়ে ১ পয়েন্ট ছিনিয়ে নিল অস্কার ব্রুজ়োর ছাত্ররা। তবে দুই দলই পয়েন্ট নষ্ট করায় লিগ টেবিলে পোক্ত জায়গায় থাকল মোহনবাগান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণের লড়াই ছিল দেখার মতো। ১২ মিনিটে আশিক কুরুনিয়ানের ৩০ গজ দূর থেকে নেওয়া জোরাল শটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। তবে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি তারা। ২১ মিনিটের মাথায় মিগুয়েলের কর্নার থেকে কেভিন সিবিলের সাজিয়ে দেওয়া বলে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেন আনোয়ার আলি। এরপরই অঘটন! অকারণে ফাউল এবং রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন মিগুয়েল। ১০ জন হয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল, যার সুযোগ নিয়ে বিরতির আগে ২-১ গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু।
দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলেও দমে যায়নি ইস্টবেঙ্গল। শৌভিক চক্রবর্তী, পিভি বিষ্ণুরা মাঝমাঠে লড়াই চালিয়ে যান। ৫৬ মিনিটে সাউল ক্রেসপোর গোলে সমতা ফেরায় লাল-হলুদ। গ্যালারিতে তখন সমর্থক থেকে শুরু করে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মরণে রাখা টিফো— সব মিলিয়ে এক উন্মাদনা। কিন্তু ৭১ মিনিটে উইলিয়ামসের গোলে ফের এগিয়ে যায় বেঙ্গালুরু। মনে হচ্ছিল ঘরের মাঠে হার নিয়ে ফিরতে হবে ইস্টবেঙ্গলকে।
নাটকের তখনও বাকি ছিল। সংযুক্তি সময়ের শেষ মিনিটে ত্রাতা হয়ে দেখা দেন কোচ ব্রুজ়োর তুরুপের তাস অ্যান্টন সজ়বার্গ। তাঁর গোল ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গলকে ১ পয়েন্ট এনে দেয়। এই ড্রয়ের ফলে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে থাকল ইস্টবেঙ্গল। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে বেঙ্গালুরু, তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে মোহনবাগান এবং ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন