দীর্ঘদিনের আইনি টানাপোড়েনের পর অবশেষে জয় অধরাই থেকে গেল দক্ষিণী ও বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার। একটি সাবান প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে করা ১ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাটি খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। ১৬ এপ্রিল, বৃহস্পতিবার আদালতের ডিভিশন বেঞ্চ বিচারপতি পি ভেলমুরুগন এবং বিচারপতি কে গোবিন্দরাজন থিলাকাভাডি একক বিচারপতির আগের রায়কেই বহাল রেখেছেন। ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের পর কার্যত খালি হাতেই ফিরতে হলো এই অভিনেত্রীকে।
ঘটনার সূত্রপাত ২০০৮ সালে, যখন তামান্না ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর সঙ্গে এক বছরের একটি বিজ্ঞাপনী চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির মেয়াদ ২০০৯ সালের অক্টোবরে শেষ হয়ে গেলেও তামান্নার অভিযোগ ছিল, সংস্থাটি অবৈধভাবে তাঁর ছবি ব্যবহার করে যাচ্ছিল। বিশেষ করে ২০১০ সালের শেষ দিকে অন্য একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সময় তামান্না জানতে পারেন, পুরোনো সংস্থাটি তখনও তাদের পণ্যের মোড়কে তাঁর ছবি ব্যবহার করছে। ২০১১ সালের শুরুতে অভিনেত্রী ওই সংস্থাকে আইনি নোটিস পাঠালেও কোনো সন্তোষজনক উত্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হন এবং বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন।
তবে তামান্নার এই দীর্ঘকালীন লড়াইয়ে মাদ্রাজ হাইকোর্ট হস্তক্ষেপ করার প্রয়োজন বোধ করেনি। আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলায় পূর্ববর্তী রায় পরিবর্তনের কোনো অবকাশ নেই। এই রায়ের ফলে সেলিব্রিটিদের ‘ইমেজ রাইটস’ বা ব্যক্তিগত ছবি ব্যবহারের আইনি সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিনোদন জগতে। চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তারকাদের ছবি ব্যবহারের সীমা ঠিক কতটুকু, তামান্নার এই হার সেই প্রশ্নটিকেই আরও একবার সামনে নিয়ে এল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন