তমলুক: প্রথম দফার ভোটের মাত্র পাঁচদিন আগে পূর্ব মেদিনীপুরে কুবেরের ধন উদ্ধার! তমলুকের হেভিওয়েট তৃণমূল নেতা তথা সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের গাড়ি থেকে উদ্ধার হল নগদ ১ কোটি টাকা! শুক্রবার পুলিশের নাকাচেকিংয়ের সময় এই বিপুল পরিমাণ টাকা মেলায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আগামী ২৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ। সেই উপলক্ষ্যে জেলাজুড়ে নাকাতল্লাশি জোরদার করেছে পুলিশ ও প্রশাসন। ওই দিন তমলুকের নিমতৌড়ি-ময়না রাজ্য সড়কের নিকাশি বাসস্ট্যান্ডের কাছে তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গোপালচন্দ্র মাইতির গাড়ি আটকায় পুলিশ। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে নগদ ১ কোটি টাকা।
গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূল নেতা গোপাল মাইতি অবশ্য দাবি করেছেন, এই টাকা আসলে সমবায় সমিতির এবং এর বৈধ কাগজপত্রও রয়েছে। তবে, পুলিশ বা প্রশাসনকে না জানিয়ে এভাবে টাকা নিয়ে যাওয়া যে ঠিক হয়নি, তা স্বীকার করে নিয়েছেন তিনি। পুলিশ ইতিমধ্যেই ওই টাকা বাজেয়াপ্ত করেছে এবং বিস্তারিত তদন্তের জন্য আয়কর দফতরকে খবর দেওয়া হয়েছে।
শুধু তমলুক নয়, টাকার উদ্ধার হয়েছে জেলার অন্যান্য প্রান্তেও। শুক্রবারই নন্দকুমার থানা এলাকায় নাকাচেকিং চলাকালীন প্রায় সাড়ে ২৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। নরঘাট ব্রিজে একটি বাসে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা ভগবানপুর ও ভূপতিনগরের বাসিন্দা।
ভোটের মুখে জেলায় একদিনে সোয়া কোটি টাকারও বেশি নগদ উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। ঘটনাগুলি খতিয়ে দেখছে পুলিশ।
বিষয় : WestBengalElection BreakingNews

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন