কলকাতা: বঙ্গ রাজনীতিতে ফের ‘বাংলা ভাগ’ বিতর্ক তুঙ্গে! উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে এসে উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ বলে সম্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর এই একটি মন্তব্যেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল। তৃণমূলের দাবি, আদিত্যনাথের মুখ ফস্কে বিজেপির সেই গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে, যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিলেন।
ভোটের প্রচারে এসে বিজেপি নেতারা বারবারই ‘পরিবর্তন’-এর ডাক দিচ্ছেন। কিন্তু সেই পরিবর্তনের স্বরূপ কী, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। যোগী আদিত্যনাথ তাঁর বক্তব্যে উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ বলে উল্লেখ করতেই আসরে নামে ঘাসফুল শিবির। তৃণমূলের এক্স হ্যান্ডলে সেই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, “বাংলাকে আর এক বিহারে পরিণত করার বিজেপির পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে। বাংলার মাটি সইবে না, ইউপি-বিহার হইবে না!”
তৃণমূলের অভিযোগ, বিজেপি আসলে বাংলার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য মুছে দিতে চায়। এক্স হ্যান্ডলে তৃণমূলের পক্ষ থেকে তোপ দেগে বলা হয়েছে, “বিজেপি বাংলাকে সেই বিহারে পরিণত করতে চায়, যেখানে সশস্ত্র দুষ্কৃতীরা তাণ্ডব চালাবে, নারীদের শ্লীলতাহানি হবে এবং বুলডোজার দিয়ে গরিবদের পিষে ফেলা হবে। যোগী আদিত্যনাথ উত্তরবঙ্গকে উত্তর বিহার বলে আমাদের জীবনযাত্রার ওপর সরাসরি আঘাত করেছেন।”
উল্লেখ্য, চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিহার ও বাংলার কয়েকটি এলাকা নিয়ে আলাদা রাজ্য গড়ার পরিকল্পনা করছে কেন্দ্র। ধর্মতলার ধরনামঞ্চ থেকেও তিনি একই হুঁশিয়ারি দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যোগীর এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগকেই নতুন করে অক্সিজেন দিল। যদিও বিজেপি এসব মানতে নারাজ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন