তারকেশ্বর: বঙ্গে ভোটের উত্তাপের মাঝেই এবার আইপ্যাক ও কেন্দ্রীয় এজেন্সির অতি-তৎপরতা নিয়ে অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তারকেশ্বরের নির্বাচনী জনসভা থেকে একদিকে যেমন তিনি আইপ্যাকের কাজ বন্ধের খবরকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, তেমনই হুঙ্কার ছেড়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধেও।
মমতা সাফ জানান, আইপ্যাকের সঙ্গে যুক্ত যে সমস্ত যুবক-যুবতী তৃণমূলের হয়ে কাজ করছেন, তাঁদের যদি ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে দল তাঁদের পাশে দাঁড়াবে। এমনকি প্রয়োজনে তাঁদের চাকরির বন্দোবস্ত করারও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সকালে অভিষেকের সঙ্গেও কথা বলে এসেছি, একটি ছেলেকেও আমরা চাকরিহারা করব না। ওরা ভয় দেখালে ওই কর্মীরা আমাদের দলে যোগ দেবে, আমরা ওদের কাজ দেব।”
কেন্দ্রীয় এজেন্সির ধারাবাহিক তল্লাশি নিয়ে এদিন মঞ্চ থেকে তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূলনেত্রী। গত শুক্রবার হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে দীর্ঘ ১৬ ঘণ্টার তল্লাশি থেকে শুরু করে খোদ মুখ্যমন্ত্রীর আয়কর উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকের বাড়িতে ইডি-র হানা— সব মিলিয়ে বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি।
মমতা সরাসরি প্রশ্ন তোলেন, “আমাকে কি খুন করতে চান? হত্যা করে কি বাংলা পেতে চান? চেষ্টা করে দেখুন।” তাঁর দাবি, নির্বাচনের সময় কেন এই তৎপরতা? বিজেপি-র একাধিক এজেন্সি থাকলেও তৃণমূলের এই একটিমাত্র সহায়ক সংস্থাকে কেন নিশানা করা হচ্ছে, তা নিয়ে এদিন সরব হন তিনি। পাশাপাশি সিপিএম-কেও বিঁধতে ছাড়েননি মুখ্যমন্ত্রী; তাঁর মতে, এখনকার বিজেপি ‘পচা সিপিএম’-এর বুদ্ধিতেই এই সব কাণ্ড ঘটাচ্ছে।
শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁকে ‘গদ্দার’ সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঁচাছোলা প্রশ্ন, কেন কেবল তৃণমূল নেতাদের বাড়িতেই তল্লাশি হবে? কেন ‘গদ্দার’ বা তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিচ্ছে না? উল্লেখ্য, জানুয়ারি মাসে আইপ্যাকের অফিসে ইডি হানার সময়ও সশরীরে সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ তারকেশ্বরের সভা থেকে তিনি আরও একবার স্পষ্ট করে দিলেন যে, ভয় দেখিয়ে বা এজেন্সি লেলিয়ে তৃণমূলের প্রচার রোখা যাবে না। বরং প্রতিটি ঘটনার আইনি মোকাবিলা এবং রাজনৈতিকভাবে জবাব দেওয়ার জন্য তাঁর দল সম্পূর্ণ প্রস্তুত। ৪ মে-র ফলাফলেই এর প্রতিফলন ঘটবে বলে আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর গলায়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন