বহরমপুর: সোমবার দুপুরে বিকট শব্দে কেঁপে উঠেছিল ফরাক্কার লোকালয়। স্থানীয় কংগ্রেস নেতার বাড়ির ছাদে রহস্যময় বিস্ফোরণে উড়ে গিয়েছিল পাঁচিলের একাংশ। সেই ঘটনার মূল অভিযুক্ত তথা কংগ্রেস নেতা সাইমুল শেখকে অবশেষে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করল পুলিশ। ভিনরাজ্যে গা-ঢাকা দিয়েও শেষরক্ষা হল না তাঁর।
পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে যখন সাইমুলের বাড়িতে নির্মাণকাজ চলছিল, তখনই ছাদে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির শক্তপোক্ত পাঁচিল চুরমার হয়ে যায়। কোনওরকমে রক্ষা পান কর্মরত শ্রমিকরা। ঘটনার খবর পেয়েই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে ফেলে। সাইমুলের পরিবারের দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলেও ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন অভিযুক্ত এই কংগ্রেস নেতা।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সাইমুল সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছেন। এরপরই পাকুড়ে হানা দিয়ে তাঁকে পাকড়াও করা হয়। ধৃতকে রাজ্যে ফিরিয়ে এনে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। ঠিক কী কারণে তাঁর বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভোটের মুখে এই ঘটনা কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই বড়সড় নাশকতার ছক কষছিল কংগ্রেস। পাল্টা অভিযোগে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, এই বিস্ফোরণের পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন