পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায় নিখোঁজ হওয়ার পর কেটে গিয়েছে দীর্ঘ তিন সপ্তাহ, কিন্তু এখনও তাঁর কোনও হদিস মেলেনি। স্বামীর ফেরার পথ চেয়ে বসে থাকতে থাকতে ধৈর্য আর আশার বাঁধ ভাঙছে স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের। পুলিশের দ্বারস্থ হয়েও কোনও সদুত্তর বা আশার আলো না পেয়ে অবশেষে এক প্রকার নিরুপায় হয়েই সংবাদপত্রের ‘নিরুদ্দেশ’ কলমে বিজ্ঞাপন দিলেন তিনি।
গত মে মাসে মা এবং তার ঠিক পরেই বাবাকে হারানো উৎসব মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন। তার ওপর সাইবার প্রতারণার শিকার হয়ে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার আতঙ্ক তাঁকে সারাক্ষণ কুরে কুরে খাচ্ছিল। এই মানসিক অবসাদ থেকেই কি তিনি নিজে থেকে কোথাও চলে গেলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য— সেই চিন্তায় দিন কাটছে মৌপিয়ার।
উল্লেখ্য, নিমতার একটি বেসরকারি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েই রহস্যজনকভাবে উধাও হয়ে যান উৎসব। ব্যাঙ্কে থাকা অবস্থাতেও স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর, কিন্তু তারপরই আচমকা ফোনটি সুইচ অফ হয়ে যায়। সেই রাত থেকে শুরু হওয়া উৎকণ্ঠা আজ তিন সপ্তাহে এসে চরম আকার নিয়েছে।
মৌপিয়া জানিয়েছেন, পুলিশের তদন্তের মন্থর গতিতে তিনি বীতশ্রদ্ধ এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিজ্ঞাপনের মাধ্যমে যদি কোনওভাবে উৎসবের খোঁজ মেলে বা তিনি যদি নিজে থেকে ফিরে আসেন, এখন সেই ক্ষীণ আশাটুকুই সম্বল মৌপিয়ার। শরীর ও মনের ওপর প্রচণ্ড চাপ নিয়ে একলা লড়াই চালিয়ে যাচ্ছেন নিখোঁজ পরিচালকের স্ত্রী, শুধু প্রিয় মানুষটিকে একবার ফিরে পাওয়ার অপেক্ষায়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন