প্রথম দফার ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে প্রচারের শেষ লগ্নে ভয়াবহ হিংসার ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার মিছিলে দুষ্কৃতী হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। গুরুতর জখম হয়ে বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রার্থী নিজেই; অভিযোগ, হামলায় তাঁর একটি হাত ভেঙে গিয়েছে।
এদিনের ঘটনায় প্রার্থীর পাশাপাশি বহু বিজেপি কর্মী-সমর্থকও আহত হয়েছেন, যাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আক্রান্ত কর্মীদের স্থানীয় মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হরিপুর থেকে সাবড়া যাওয়ার পথে আঁতলা এলাকায় বাইক র্যালির ওপর আচমকাই লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী চড়াও হয়। বিজেপির সরাসরি অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই নিশ্চিত হার জেনে এই তাণ্ডব চালিয়েছে।
হামলার জেরে প্রার্থীর গাড়ি ও সমর্থকদের একাধিক মোটরবাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মোহনপুর থানার সামনে এগরা-সোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়, যার ফলে এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রচারের শেষ দিনে প্রার্থীর ওপর এই হামলার ঘটনায় দাঁতন জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভোটের ঠিক মুখে এই রাজনৈতিক হিংসা সাধারণ ভোটারদের মনেও আতঙ্কের সৃষ্টি করেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন