মুম্বই পুলিশের মাদকবিরোধী শাখার জালে ধরা পড়ল এক দুর্ধর্ষ ড্রাগ র্যাকেট, যার কেন্দ্রে রয়েছে এক সময়ের এক ড্যান্স বার নর্তকী।
সাকিনাকার মাদক কারবারি ইরফান আনসারিকে ২০০টি নেশার বড়ি-সহ গ্রেপ্তারের পর তাকে জেরা করতেই বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। কল্যাণ এলাকার এক অভিজাত আবাসন থেকে পুলিশ ওই ‘ড্রাগ ক্যুইন’কে গ্রেপ্তার করেছে এবং উদ্ধার হয়েছে প্রায় ৬ কোটি টাকার মাদক। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার বাড়ি থেকে প্রায় ৫ হাজার মাদক বড়ি ছাড়াও ৭-৮টি সিম কার্ড এবং পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দুই এমবিএ পড়ুয়ার মাদকের ওভারডোজে মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়েই পুলিশ এই আন্তর্জাতিক মাদক চক্রের শিকড়ের হদিশ পায়।
তদন্তে জানা গিয়েছে, মাদক সাম্রাজ্যের এই ‘কিংপিন’ হওয়ার আগে ওই যুবতী ড্যান্স বারে কাজ করত। তার দুই স্বামীর মধ্যে একজনের অপরাধমূলক রেকর্ডও রয়েছে। পুলিশের চোখে ধুলো দিতে সে অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করত এবং তার ধারণা ছিল পুলিশ কোনওদিন তার নাগাল পাবে না।
গত শনিবার রাতে অত্যন্ত পরিকল্পিতভাবে টানা তিন দিনের নজরদারির পর তার ফ্ল্যাটে হানা দেয় গোয়েন্দারা। বার নর্তকী থেকে কীভাবে সে আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম প্রধান হয়ে উঠল এবং এই চক্রের জাল বিদেশে কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মাদকবিরোধী সেল। এই গ্রেপ্তারি মুম্বইয়ের মাদক বাজারে এক বড়সড় ধাক্কা বলে মনে করছে পুলিশ প্রশাসন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন