আগামীকাল বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। প্রথম পর্বের প্রচার গতকাল বিকেলেই শেষ হয়েছে, আর তার পরপরই রাজ্য নেতাদের নিয়ে গভীর রাত পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, প্রথম দফার ভোট মিটতে না মিটতেই কি দ্বিতীয় দফার রণকৌশল চূড়ান্ত করতেই এই ম্যারাথন বৈঠক? বিজেপি সূত্রে খবর, আগামী ২৯ তারিখ কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দ্বিতীয় দফার নির্বাচন।
মূলত তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গেরুয়া শিবিরের আধিপত্য বাড়াতেই এই বিশেষ পরিকল্পনা। বৈঠকে দক্ষিণবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতাদের পাশাপাশি বিপ্লব দেবের মতো হেভিওয়েট নেতারাও উপস্থিত ছিলেন। মতুয়া ভোটব্যাঙ্ক থেকে শুরু করে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে কোন কোন ইস্যুতে প্রচারের ঝড় তোলা হবে এবং শাসক দলের দুর্ভেদ্য গড়ে কীভাবে ফাটল ধরানো সম্ভব, তা নিয়ে নেতাদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শাহ।
এবারের নির্বাচনে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানিরা কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করছেন বাংলায়। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আসনগুলিকেও এবার পাখির চোখ করেছে বিজেপি। ৪ মে-র পর বাংলায় বিজেপি সরকার গড়বে— এই আত্মবিশ্বাসী বার্তাকে সামনে রেখেই এগোচ্ছে দল। জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের শেষ মুহূর্তের রণকৌশল সাজাতে এবং দলের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ২৭ তারিখ পর্যন্ত বাংলাতেই ডেরা বাঁধছেন অমিত শাহ। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো এলাকাগুলিতে তৃণমূলের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি যে কোনো খামতি রাখতে চাইছে না, শাহের এই মধ্যরাতের বৈঠক তারই ইঙ্গিত দিচ্ছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন