নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আবারও সরব হলো তৃণমূল কংগ্রেস। এবার সরাসরি অভিযোগ উঠেছে, ডায়মন্ডহারবারের একটি সরকারি লজে রাতের অন্ধকারে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেছেন বিজেপি প্রার্থীরা। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন। ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার ও মগরাহাট (পশ্চিম)-এর প্রার্থী শামিম আহমেদের দাবি, সোমবার রাতে ডায়মন্ডহারবারের ‘সাগরিকা’ লজে ২০৮ নম্বর ঘরে পুলিশ পর্যবেক্ষক পারমার স্মিথ পারসত্যম দাসের সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী দীপক হালদার ও গৌর ঘোষ। তৃণমূলের অভিযোগ, এই বৈঠকের ভিডিও ফুটেজ তাদের হাতে রয়েছে এবং অফিসিয়াল প্রোটোকল ভেঙে আলিপুরের সরকারি আবাসন ছেড়ে ওই পর্যবেক্ষক কেন ডায়মন্ডহারবারে এসে রাত কাটালেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন তোলা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে ওই পুলিশ পর্যবেক্ষকের নিয়োগ অবিলম্বে খারিজ করে এক জন নিরপেক্ষ আধিকারিক নিয়োগের দাবি জানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে, কমিশনের একাংশ বিজেপির হয়ে কাজ করছে এবং তৃণমূল কর্মীদের নামে ভিত্তিহীন মিথ্যে মামলা রুজু করা হচ্ছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী দীপক হালদার ও গৌর ঘোষ জানিয়েছেন, কোনো গোপন বৈঠক নয়, বরং প্রচারে তৃণমূলের পক্ষ থেকে দেওয়া বাধা ও অশান্তির অভিযোগ জানাতেই তাঁরা পুলিশ পর্যবেক্ষকের দ্বারস্থ হয়েছিলেন। তবে ভোটের আবহে খোদ পুলিশ পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়ে শাসকদলের এই অভিযোগ ঘিরে বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন