ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। বুধবার হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালাল ইরানের ইসলামি রিপাবলিকান গার্ড (IRGC)। ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর প্রস্তাবের কয়েক ঘণ্টার মধ্যেই এই সংঘর্ষের জেরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে।
ব্রিটেনের ‘মেরিটাইম ট্রেড অপারেশনস’ (UKMTO) জানিয়েছে, ওমান থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি পণ্যবাহী জাহাজে কোনও সতর্কতা ছাড়াই হামলা চালায় ইরানের গানবোট। ভারী মেশিনগান দিয়ে গুলি চালানোয় জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ বা ‘ব্রিজ’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ পরই আরও একটি জাহাজে হামলা চালায় ইরানি ফৌজ। অন্যদিকে, ইরানের তাসনিম নিউজ এজেন্সির দাবি, বারবার সতর্ক করা সত্ত্বেও জাহাজ দুটি সাড়া না দেওয়ায় ‘সমুদ্র আইন’ মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে তিনি ইরানের উপর আক্রমণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শান্তি আলোচনার সুযোগ দিতেই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে, ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন যে - হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ-অবরোধ জারি থাকবে।
রাষ্ট্রসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান আলোচনার জন্য তৈরি। তবে, আগে ওয়াশিংটনকে নৌ-অবরোধ তুলতে হবে। অবরোধ জারি রেখে কোনও আলোচনা সম্ভব নয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালী। এখান দিয়েই বিশ্বের জ্বালানি তেলের একটা বড় অংশ পরিবাহিত হয়। এই পথে ইরানের লাগাতার হামলা বিশ্ব অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের সামরিক নির্দেশের পর ইরান যেভাবে পাল্টা আঘাত হানল, তাতে শান্তি আলোচনা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন