ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে এবার প্রার্থীদের ওপর নজিরবিহীন রাশ টানল নির্বাচন কমিশন। প্রথম দফার হাইভোল্টেজ ভোটের ঠিক আগে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থীই নিজের বিধানসভা এলাকা ছেড়ে বাইরে যেতে পারবেন না।
আগামিকাল সকাল ৬টা থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত এই কড়া নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ, নিজের নির্বাচনী এলাকার বাইরে পা রাখা তো দূর অস্ত, কোনো রকম বিশৃঙ্খলা বা অশান্তির সঙ্গে যাতে প্রার্থীরা জড়িয়ে না পড়েন, তার জন্যও কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে প্রশাসনিক রদবদল—কমিশনের একের পর এক কড়া পদক্ষেপে সরগরম রাজ্য রাজনীতি।
এদিকে, ভোট চলাকালীন রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ রাখা নিয়ে খোদ কমিশনের অন্দরেই তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর দাবি, নিয়ম অনুযায়ী কেবল যে এলাকাগুলোতে ভোট, সেখানে ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ হওয়ার কথা।
কিন্তু কলকাতা-সহ গোটা রাজ্যে কেন এই নিষেধাজ্ঞা জারি হলো, তা নিয়ে তিনি আবগারি কমিশনারের কাছে কৈফিয়ত চাইবেন বলেও জানিয়েছেন। কমিশনের এই কড়াকড়ি এবং প্রশাসনিক সমন্বয়ের অভাব নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন প্রার্থীদের গতিবিধির ওপর এই নিয়ন্ত্রণ ভোট ময়দানে নতুন মাত্রা যোগ করল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন