রায়গঞ্জ: ভোটের আবহের মাঝেই শোকের সংবাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। কুলিক নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্রের। বুধবার দুপুরে রায়গঞ্জের শিয়ালমণি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রদের নাম প্রীতম আচার্য ও বিশ্বজিৎ দাস। তাদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব কলেজপাড়া ও বীরনগরের বাসিন্দা প্রীতম ও বিশ্বজিৎ আজ দুপুরে বন্ধুদের সঙ্গে কুলিক নদীর শিয়ালমণি ঘাটে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় আচমকাই দু’জন জলের তলায় তলিয়ে যায়। বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে নিথর দেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহ দুটি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
মর্মান্তিক বিষয় হল, মাত্র একমাস আগেই কুলিক নদীতে স্নান করতে নেমে শুভাশিস মণ্ডল নামে রায়গঞ্জের আরও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুই কিশোরের সলিল সমাধি হল। বারবার এমন ঘটনায় নদীঘাটে নজরদারি এবং প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি বলেন, “এভাবে দু’টি ছেলের প্রাণ চলে গেল, ভাবতেই পারছি না। অভিভাবকদের আরও সচেতন হতে হবে যাতে বাচ্চারা নির্জন নদীঘাটে না আসে। ভোট মিটলেই আমরা - পুলিশ ও পুরপ্রশাসন মিলে এই নিয়ে কড়া ব্যবস্থা নেব এবং মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করব।”
নির্বাচনের প্রথম দফার ঠিক আগের দিন এই দুই তরতাজা প্রাণের চলে যাওয়া রায়গঞ্জের সাধারণ মানুষের মনে বিষাদের ছায়া ফেলেছে। করোনেশন হাই স্কুলের শিক্ষক ও সহপাঠীরাও এই ক্ষতি মানতে পারছেন না।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন