সকালটা শান্তিতে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নন্দীগ্রামের রাজনৈতিক আবহাওয়া কার্যত উত্তপ্ত হয়ে উঠল। নিজের নির্বাচনী কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট তথা বিজেপি মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি পিংলার ওসির বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্ব ও হেনস্থার অভিযোগ তুলে তাঁর দ্রুত অপসারণ দাবি করেছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে ফোনে কথা বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, “আমি কোনও গুন্ডাকে রাস্তায় থাকতে দেব না।” শুধুমাত্র নন্দীগ্রাম নয়, বিনপুর ও খড়গপুরেও বিজেপি কর্মীদের মারধর ও হিন্দু ভোটারদের বাধা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। একটি পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাঁদের আতঙ্ক কাটিয়ে ভোটকেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও করেন বিজেপি প্রার্থী।
ভোটের গতিপ্রকৃতি নিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এবারের নির্বাচনে অভূতপূর্ব প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে যা ২০১১ সালের পরিবর্তনের সময়কেও হার মানাবে। তাঁর মতে, নারী নির্যাতন, সন্দেশখালির ছায়া এবং ২৬ হাজার যোগ্য প্রার্থীর চাকরি বাতিলের রোষ এবার ব্যালট বক্সে প্রভাব ফেলবে। শুভেন্দুর কথায়, মানুষ এবার পরিবর্তনের লক্ষ্যে পদ্মফুলকেই বেছে নিচ্ছে, এমনকি শিক্ষিত মুসলিম যুবকরাও উন্নয়নের স্বার্থে শাসকদলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। সব মিলিয়ে প্রথম দফার ভোটে নন্দীগ্রামের এই গ্রেফতারি ও শুভেন্দুর কড়া অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন