রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফার প্রচারে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই হাইভোল্টেজ সফরকে কেন্দ্র করে তিলোত্তমায় নিরাপত্তার নিশ্ছিদ্র বলয় গড়ে তুলেছে কলকাতা পুলিশ। ভিআইপি মুভমেন্টের কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত রাজভবন ও বিবাদী বাগ সংলগ্ন রাস্তাগুলোতে সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিশেষ করে গভর্নমেন্ট প্লেস পূর্ব থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট পর্যন্ত এলাকায় কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট অনুযায়ী ট্রাম চলাচল এবং পার্কিংয়ের ওপরও সাময়িক নিয়ন্ত্রণ থাকবে।
পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও জারি হয়েছে একগুচ্ছ কড়াকড়ি। শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত রাজভবন চত্বরে কোনও ভারী লরি বা ট্রাক ঢুকতে পারবে না। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৮টা এবং শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হাওড়া সেতু, ব্রাবোর্ন রোড, রেড রোড, মা উড়ালপুল, এজেসি বসু রোড উড়ালপুল এবং ইএম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ লাইফলাইনগুলোতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।
ফলে সপ্তাহের এই দুই কাজের দিন ঘর থেকে বেরোনোর আগে ট্রাফিক পুলিশের এই গাইডলাইন মাথায় রাখা জরুরি। বিশেষ করে বিমানবন্দর বা রেল স্টেশনগামী যাত্রীদের হাতে বাড়তি সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছে প্রশাসন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন