সিউড়ি: ভোটের লড়াইয়ে যখন এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক ও প্রধান বিরোধী শিবির, ঠিক তখনই রাজনীতির রং মুছে গেল বীরভূমের সিউড়িতে। প্রথম দফার ভোট চলাকালীন বুথের বাইরে হঠাৎ দুর্ঘটনায় রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। তখনই এক বিজেপি কর্মীর প্রাণ বাঁচাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার সিউড়ি বিধানসভাকেন্দ্রের বোবা স্কুল ভোটকেন্দ্রের বাইরে এই অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল স্থানীয় মানুষ।
বৃহস্পতিবার দুপুরে সিউড়ির ১৩৫ ও ১৩৬ নম্বর বুথের সামনে অন্যান্য কর্মীর সঙ্গেই দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী জিকো চট্টরাজ। তখনই স্কুলের সামনে থাকা একটি বিশাল কৃষ্ণচূড়া গাছের ডাল হঠাৎ মড়মড় করে ভেঙে পড়ে জিকোর গায়ের উপর। শুধু গাছ নয়, ডালের ভারে বিদ্যুতের তারও ছিঁড়ে নীচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে জিকো গাছের ডাল ও তারের নীচে চাপা পড়ে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জিকোকে উদ্ধার করতে যখন বিজেপি কর্মীরা লড়াই করছেন, ঠিক তখনই দলীয় ঝান্ডা সরিয়ে রেখে ছুটে আসেন সামনেই থাকা তৃণমূল কর্মীরা। এক মুহূর্ত সময় নষ্ট না করে দুই দলের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে জিকোকে উদ্ধার করেন। শুধু উদ্ধার করাই নয়, জখম ওই যুবককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতেও সাহায্য করেন তৃণমূল সমর্থকরা। এমনকী, হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজও নেন তাঁরা। চিকিৎসকরা জানিয়েছেন, জিকোর দাঁত ভেঙে গিয়েছে এবং মাথা ও কোমরে গুরুতর চোট লেগেছে।
এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ওই বুথে বেশ কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। বিশাল গাছটি ভেঙে পড়ার ফলে স্কুলের সামনের রাস্তাটিও সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। পরে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোট শুরু হয়।
ভোটের দিন আসানসোল বা বীরভূমের অন্যান্য জায়গা থেকে যখন বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে, তখন সিউড়ির এই ‘মানবিক ভোটচিত্র’ সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। রাজনীতির ঊর্ধ্বে যে মানুষের প্রাণ বড়, এই ঘটনাই যেন আরও একবার প্রমাণ করে দিল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন