বাংলার প্রথম দফার নির্বাচনে যখন রেকর্ড ভোটদানের খবর আসছে, ঠিক তখনই অভিযোগের ঝুলি নিয়ে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। দুপুর ২টো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শাসকদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ৭০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সিংহভাগ অভিযোগই ইভিএম বিকল হওয়া সংক্রান্ত। বড়ঞা, শমসেরগঞ্জ, কান্দি এবং কোচবিহারের মতো একাধিক কেন্দ্রের বেশ কিছু বুথে যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ দেরিতে শুরু হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, যান্ত্রিক গোলযোগের জেরে সাধারণ ভোটারদের হয়রানির শিকার হতে হচ্ছে।
ইভিএম বিভ্রাটের পাশাপাশি সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও প্রায় ১০০টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, ঝাড়গ্রাম ও চোপড়ার মতো এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং কোথাও কোথাও ভোটারদের মারধর ও হেনস্তা করার ঘটনাও ঘটেছে।
অন্যদিকে, নির্বাচনের এই পরিস্থিতির মধ্যেই কৃষ্ণনগর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে, দীর্ঘ ৫০ বছরে এবারই প্রথম বাংলা হিংসামুক্ত ভোট দেখছে। যদিও তৃণমূলের মতে, কেন্দ্রীয় বাহিনীর অতি-সক্রিয়তা এবং ইভিএম বিভ্রাট নির্বাচনকে মসৃণ হতে দিচ্ছে না। দুপুর ২টো পর্যন্ত অভিযোগের এই পাহাড় নিয়ে কমিশনের বিশেষ তৎপরতা দাবি করেছে শাসক শিবির।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন