কলকাতা: বাংলায় প্রথম ভোট উৎসবের মাঝেই আমজনতার রান্নাঘরে খুশির হাওয়া। দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে অবশেষে কিছুটা স্বস্তির খবর দিল পেট্রলিয়াম মন্ত্রক। রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে যে বাধ্যতামূলক অপেক্ষার সময়সীমা বা 'কম্পালসারি ওয়েটিং পিরিয়ড' ছিল, তা এবার এক ধাক্কায় অনেকটা কমিয়ে আনা হচ্ছে। ফলে, এখন থেকে আগের তুলনায় কিছুটা দ্রুত হাতে পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর সঙ্কটের জেরে বিশ্বজুড়ে এলপিজি সরবরাহে বড়সড় টান পড়েছে। ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে প্রবলভাবে। পরিস্থিতি সামাল দিতে সরকার বাধ্য হয়েই সিলিন্ডার বুকিংয়ের উপর নিয়ন্ত্রণ জারি করে। নিয়ম করা হয়, একটি ১৪.২ কেজির সিলিন্ডার পাওয়ার পর পরবর্তী বুকিংয়ের জন্য শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। এর ফলে চরম বিপাকে পড়েন সাধারণ গ্রাহকরা।
সূত্রের দাবি, গত ১৬ এপ্রিল মাত্র একদিনেই দেশে প্রায় ৫০ লক্ষ সিলিন্ডার গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। পেট্রলিয়াম মন্ত্রকের দাবি, বর্তমানে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তাই, রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে সরবরাহকারী সংস্থাগুলি রবিবারেও ছুটি না নিয়ে কাজ করছে। ঘাটতি মেটাতে ডেলিভারি অথেন্টিকেশন কোড (ডিএসি) ভিত্তিক সরবরাহ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকায় সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের অপেক্ষার সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। যদিও নতুন সময়সীমার ক্ষেত্রে এলাকাভেদে কিছুটা তারতম্য থাকতে পারে। তবে, সাম্প্রতিক সময়ের মতো লম্বা অপেক্ষা করতে হবে না গ্রাহকদের।
রাজ্যে প্রথম দফার নির্বাচনের দিনই কেন্দ্র সরকারের এই ঘোষণা বড় উপহার হিসাবেই দেখছেন মধ্যবিত্ত পরিবারগুলি। ফলে এখন থেকে রিফিল সিলিন্ডার শেষ হওয়ার আগেই তা বুক করার ক্ষেত্রে অনেকটা বেশি স্বাধীনতা মিলবে বলে মনে করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন