নয়াদিল্লি: এসআইআর ট্রাইবুনালে মামলার পাহাড় জমলেও কেন নিষ্পত্তি হচ্ছে মাত্র কয়েকটির? ২৭ লক্ষ আবেদনের বিপরীতে মাত্র ১৩৬টি নিষ্পত্তি হওয়ার পরিসংখ্যান তুলে শুক্রবার সুপ্রিম কোর্টে সরব হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে, এই দীর্ঘসূত্রিতা নিয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চাওয়া হলেও প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিষয়ে আবেদনের সঠিক জায়গা হলো কলকাতা হাইকোর্ট।
এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ট্রাইবুনালের ধীর গতি নিয়ে অভিযোগ করেন। সব শুনে প্রধান বিচারপতি জানান, ট্রাইবুনালে নাম নিষ্পত্তি নিয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন মনে করলে মামলাকারী পক্ষ সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দ্বারস্থ হতে পারেন।
শুনানি চলাকালীন উঠে আসে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে হয়ে যাওয়া প্রথম দফার নির্বাচনের প্রসঙ্গও। ৯২ শতাংশ ভোটদানকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি সূর্য কান্ত একজন ভারতীয় নাগরিক হিসাবে এই বিপুল জনসমর্থন দেখে নিজের আনন্দ প্রকাশ করেন! তিনি মন্তব্য করেন, "মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করে, তখন গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়। ভোটাররা যদি নিজের ভোটের শক্তি বোঝেন, তবে তাঁরা হিংসায় জড়ান না।"
বিচারপতি বাগচীও রাজ্যে প্রথম দফার শান্তিপূর্ণ ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে, কিছুটা দার্শনিক মেজাজে তিনি বলেন, "রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।"
এদিন আদালতের গম্ভীর পরিবেশের মধ্যেও হালকা মুহূর্ত তৈরি হয় যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আইনজীবীকে ৪ মে অর্থাৎ ভোটের ফলপ্রকাশের দিন নৈশভোজের আমন্ত্রণ জানান। এই রসিকতায় যোগ দিয়ে বিচারপতি বাগচী বলেন, "উনি যদি আগে কলকাতায় আসতেন, তাহলে সেই দায়িত্ব আমারই থাকত!"
পাশাপাশি, মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করার ঘটনায় এদিন কড়া অবস্থান নিয়েছে শীর্ষ আদালত। ওই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)-কে চার্জশিট দেওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন