সাধারণত সরকারি কোষাগারে ঘাটতি দেখা দিলে আমজনতার ওপর করের বোঝা চাপানোই দস্তুর, তবে এবার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তেলেঙ্গনার রেবন্ত রেড্ডি সরকার। রাজ্যের হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর দীর্ঘদিনের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার লক্ষ্যে নিজেদের পকেটে হাত দিলেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকের পর জানানো হয়েছে, অবসরপ্রাপ্তদের প্রায় ৮,০০০ কোটি টাকার বকেয়া মেটাতে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে মুখ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার সমস্ত সদস্য তাঁদের মাসিক বেতনের অর্ধেক অংশ স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন।
তেলেঙ্গনার তথ্য ও জনসংযোগ মন্ত্রী পোঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, হিমাচল প্রদেশ সরকারের পথ অনুসরণ করেই এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে অন্যান্য জনপ্রতিনিধিরাও একই কৃচ্ছ্রসাধনের পথে হাঁটবেন। শুধু বেতন কাটাই নয়, সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে যে আগামী ১০০ দিনের মধ্যেই অবসরপ্রাপ্তদের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করা হবে।
এর জন্য একটি বিশেষ ‘রিসোর্স মোবিলাইজেশন’ সাব-কমিটিও গঠন করা হয়েছে, যারা দ্রুত সমাধানসূত্র বের করতে বিভিন্ন সংগঠন ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করবে। সরকারি হিসেব অনুযায়ী, বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের মোট বকেয়ার পরিমাণ প্রায় ১৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত এক দশকে জমে থাকা এই বিশাল ঋণের বোঝা থেকে প্রবীণদের মুক্তি দিতে এবং অবসরের পর তাঁদের পাওনা আদায়ে হয়রানি বন্ধ করতেই এই বিশেষ উদ্যোগ। নিজেদের বেতনে কোপ বসিয়ে সরকার যে ত্যাগের বার্তা দিল, তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন