নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক পি.এস পুরুষোত্তম দাসের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার, ফলতা এবং মগরাহাট পূর্ব ও পশ্চিম কেন্দ্রের দায়িত্বে থাকা এই পর্যবেক্ষকের বিরুদ্ধে বিরোধী শিবিরের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে তাদের লিখিত জবাব আদালতে জমা দিতে হবে।
আদালতে তৃণমূলের আইনজীবী মৈনাক বসু অভিযোগ করেন, ওই পর্যবেক্ষক মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে একটি হোটেলে বৈঠক করেছিলেন। বিষয়টি নিয়ে গত ২১ এপ্রিল কমিশনকে চিঠি দেওয়া হলেও কোনও সদুত্তর না মেলায় তাঁরা আদালতের শরণাপন্ন হন। পাল্টা সওয়ালে কমিশনের আইনজীবী জিষ্ণু জানান, পর্যবেক্ষকরা হলেন কমিশনের ‘চোখ ও কান’, তাই নির্বাচনী পরিস্থিতি বুঝতে তাঁদের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলতেই হয়।
কমিশনের দাবি, ওই বৈঠক কোনও গোপন স্থানে হয়নি এবং সিসিটিভি ফুটেজেই তার স্বচ্ছতার প্রমাণ রয়েছে। তৃণমূলের অভিযোগকে কটাক্ষ করে কমিশনের আইনজীবী মন্তব্য করেন, “কেউ রঙিন চশমা পরে থাকলে পৃথিবীটা রঙিনই মনে হয়।” তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত স্পষ্ট করে দিয়েছে যে, অভিযোগের গুরুত্ব বিচার করে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন