নয়াদিল্লি: শনিবার আইপিএলে দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ চলাকালীন ফিরোজ শা কোটলায় ঘটে গেল এক শিউরে ওঠা দুর্ঘটনা। একটি ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন দক্ষিণ আফ্রিকান পেসার লুনগি এনগিডি। চোট এতটাই ভয়ানক ছিল যে, শেষ পর্যন্ত মাঠের মধ্যেই অ্যাম্বুল্যান্স ঢুকিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই ঘটনায় প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে খেলা।
ম্যাচের বয়স তখন মাত্র তিন ওভার। অক্ষর পটেলের বলে প্রিয়াংশ আর্য একটি উঁচু শট মেরেছিলেন। সেই ক্যাচ ধরতেই পিছনের দিকে দৌড়চ্ছিলেন এনগিডি। ক্যাচটি তিনি তালুবন্দি করতে পারেননি, উল্টে ভারসাম্য হারিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়েন। মাটিতে পড়ার সময় তাঁর মাথার পিছনের অংশ পিচের শক্ত জায়গায় সজোরে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে মাথা চেপে ধরে মাঠে শুয়ে পড়েন তিনি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে আম্পায়াররা তৎক্ষণাৎ চিকিৎসকদের ডেকে নেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল এনগিডি জ্ঞান হারিয়েছেন। একবার চোখ খুললেও পরক্ষণেই তা বন্ধ করে দেন তিনি। চিকিৎসকরা প্রাথমিক শুশ্রূষা শুরু করলেও দেখা যায় এনগিডির শরীর শক্ত হয়ে গিয়েছে, তিনি নিজে থেকে উঠে দাঁড়াতে পারছেন না!
মাঠে অ্যাম্বুল্যান্স ঢোকার দৃশ্য দেখে গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনগিডিকে যখন স্ট্রেচারে তোলা হচ্ছিল, তখন তাঁর চারপাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে ছিলেন সতীর্থ ট্রিস্টান স্টাবস এবং বিপক্ষ দলের ডেভিড মিলার। পঞ্জাব কোচ রিকি পন্টিংও গম্ভীর মুখে মাঠে ঢুকে পরিস্থিতির তদারকি করেন। এনগিডির পরিবর্ত হিসেবে মাঠে নামেন দুষ্মন্ত চামিরা।
এনগিডিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। এই মূহূর্তে তাঁর চোট কতটা গভীর, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দিল্লি ক্যাপিটালস বা পঞ্জাব কিংস কর্তৃপক্ষ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন