বিরাটি: বেশ কয়েক বছর আগে পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে ই-স্কুটারে চেপে নবান্ন গিয়ে চমকে দিয়েছিলেন গোটা দেশকে। এবার ২০২৬-এর বিধানসভা ভোটের ময়দানেও সেই চেনা মেজাজে ধরা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে দমদম উত্তরের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে প্রচার করতে গিয়ে আচমকাই এক দলীয় কর্মীর বাইকের পিছনে সওয়ার হলেন মুখ্যমন্ত্রী। নেত্রীর এই ‘জননেত্রী’ সুলভ ভঙ্গি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল বিরাটির জনসমুদ্র।
শনিবার বিকেলে বিরাটির বণিক মোড় থেকে বিরাটি মোড় পর্যন্ত রোড শো-র কর্মসূচি ছিল মমতার। সূচি মেনে গাড়ি করে বিরাটি মিনি বাসস্ট্যান্ডে নামেন তিনি। এরপর শুরু করেন পদযাত্রা। কিন্তু, মাঝপথেই মেজাজ বদল! ভিড় আর উদ্দীপনা দেখে রাস্তার ধারের এক দলীয় কর্মীর বাইকে উঠে বসেন তিনি! এই 'রোড শো' চলে বণিক মোড় থেকে বিরাটি মোড় পর্যন্ত। বাইকে বসেই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা হাজার-হাজার মানুষের উদ্দেশে হাত নাড়েন এবং শুভেচ্ছাবার্তা বিনিময় করেন মমতা।
মমতাকে বাইকের পিছনে বসে থাকতে দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছিল কয়েক বছর আগের সেই মুহূর্তের কথা। সেবার তেলের দামের প্রতিবাদে ফিরহাদ হাকিমের চালানো ব্যাটারিচালিত স্কুটারে চেপে নবান্ন গিয়েছিলেন তিনি। সেই প্রতিবাদের ছবি এবার ধরা দিল প্রচারের আবহে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিলেন, তিনি মাটির নেত্রী। এবং তা প্রমাণের জন্য কোনও বিশেষ আয়োজনের প্রয়োজন নেই।
দ্বিতীয় দফার ভোটের আগে দমদম উত্তর কেন্দ্রটি তৃণমূলের কাছে অত্যন্ত প্রেস্টিজ ফাইট। সেখানে বিদায়ী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের হয়ে খোদ মুখ্যমন্ত্রীর এই বাইক সফর দলীয় কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেনের কাজ করবে বলে মনে করা হচ্ছে। বিকেলের রোদে ঘাম মুছে নেত্রীর এই ‘সারপ্রাইজ’ সফরের সাক্ষী থাকল গোটা এলাকা।
প্রচার শেষে তৃণমূল কর্মীদের দাবি, "দিদি যে সাধারণ মানুষের কতটা আপন, আজ বিরাটির রাস্তায় তা ফের প্রমাণিত হল।" এখন দেখার, এই বাইক সফর ইভিএমে কতটা প্রভাব ফেলে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন