বিগত কয়েক মাস ধরে বিনোদন জগতের অন্দরে জল্পনা ছিল, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী।
বঙ্গবিভূষণ প্রাপ্তি থেকে শুরু করে সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ গাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ও কুৎসিত আক্রমণের শিকার হতে হয়েছিল তাঁকে। এমনকি তাঁর প্রয়াত মাকে নিয়েও কটু মন্তব্য করতে ছাড়েনি নেটিজেনদের একাংশ। সেই সময় অভিমানে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিলেও, এবার ভোটযুদ্ধের আবহে সমস্ত সমালোচনার জবাব দিলেন প্রচারের ময়দানে নেমে। রবিবার ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় যোগ দিয়ে নিন্দুকদের মুখে কার্যত ঝামা ঘষে দিলেন গায়িকা।
মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত দৃপ্ত কণ্ঠে ইমন জানান, “একজন সঙ্গীতশিল্পী হিসেবে এই বাংলায় দিদির সরকারের কাছ থেকে যে সম্মান পেয়েছি, তা শিরোধার্য। দিদি যেখানে, আমি সেখানে।” প্রিয় নেত্রীর পছন্দের রবীন্দ্রসঙ্গীত ‘একলা চলো রে’ গেয়ে তিনি উপস্থিত জনতাকে মনে করিয়ে দেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ নেতৃত্বই বাংলার আসল শক্তি।
ইমনের কথায়, “আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ভেবেই আমি শান্তিতে ঘুমাতে পারি।” যদিও টিকিট পাওয়া নিয়ে উত্তরপাড়া থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রে তাঁর নাম জড়িয়ে যে জল্পনা ছড়িয়েছিল, প্রার্থী তালিকা প্রকাশের পর ব্যাঙ্গাত্মক পোস্টের মাধ্যমে তার ইতি টেনেছিলেন গায়িকা নিজেই। তবে এবার সশরীরে ভবানীপুরের প্রচারমঞ্চে হাজির হয়ে তিনি স্পষ্ট করে দিলেন, পদের মোহ নয় বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থাই তাঁর এই রাজনৈতিক সক্রিয়তার মূল কারণ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন