দীর্ঘ ২৪ দিনের উৎকণ্ঠার অবসান। অবশেষে খোঁজ মিলল টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে দিল্লির এক বন্ধুর বাড়িতে তাঁর উপস্থিতির খবর নিশ্চিত করা হয়েছে।
উৎসবের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, হঠাতই তিনি দিল্লিতে ওই বন্ধুর ডেরায় পৌঁছে যান। তবে এই দীর্ঘ সময়ে তিনি ঠিক কোথায় ছিলেন বা কেন নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো উত্তর মেলেনি। খবর পাওয়া মাত্রই আনন্দপুর থানা ও লালবাজারের ‘মিসিং পার্সনস স্কোয়াড’-এ তথ্য জানানো হয়েছে। আনন্দপুর থানার আধিকারিকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে উৎসবের কথাও বলানো হয়েছে এবং পুলিশি নথিতে তাঁর খোঁজ পাওয়ার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
পরিচালকের নিখোঁজ হওয়ার খবরটি প্রথম সমাজমাধ্যমে জানিয়েছিলেন তাঁর স্ত্রী, সাংবাদিক মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। স্বামীর খোঁজ মেলার পর মৌপিয়া জানান, রবিবার সকালে পুলিশের ডাকে থানায় যাওয়ার পথেই তিনি উৎসবের বন্ধুর ফোন পান। তিনি বলেন, “উৎসবের সঙ্গে আমার অল্প কিছুক্ষণ কথা হয়েছে। ও খুব ক্লান্ত ছিল, ঘুমোচ্ছিল। পুলিশের নির্দেশ অনুযায়ী ও ঠিক কোথায় আছে, তা বিস্তারিত বলা বারণ।”
২ এপ্রিল নিমতার একটি ব্যাঙ্কে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন উৎসব। দীর্ঘ ২৪ দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলে মৌপিয়া জানিয়েছেন, সোমবারই তিনি দিল্লি রওনা দেবেন এবং উৎসবকে যত দ্রুত সম্ভব কলকাতায় ফিরিয়ে আনাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন