বাংলার নির্বাচনী লড়াইয়ে তৃণমূলের সমর্থনে সুর চড়ালেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের হয়ে প্রচারে এসে তিনি স্পষ্ট জানান, এবারের লড়াই কেবল ক্ষমতা দখলের নয়, বরং দেশ ও গণতন্ত্র বাঁচানোর। কংগ্রেস ও বামপন্থীদের কাছে তাঁর সবিনয় আবেদন, বিজেপি-বিরোধী ভোট ভাগ করে আদতে গেরুয়া শিবিরকে সুবিধা করে দেবেন না। তিনি জোর দিয়ে বলেন, বাংলার অস্মিতা ও সংস্কৃতিকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা জরুরি। কেজরিওয়ালের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে লড়াই করছেন, আর বিজেপি কেবল ইডি-সিবিআই লেলিয়ে ষড়যন্ত্রে মত্ত। এই ষড়যন্ত্রের জবাব দিতেই সাধারণ মানুষকে তৃণমূলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিজেপিকে তীব্র আক্রমণ করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বাংলার মানুষকে সতর্ক করে দেন। তিনি উদাহরণ টেনে বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই করেনি। 'মহিলা সম্মান যোজনা'র নামে মহিলাদের আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা ক্ষমতায় এসে তা পূরণ করেনি। কেজরির আশঙ্কা, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সবার আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র কেজরিওয়াল ভাঙা ভাঙা বাংলায় মানুষের মন জয় করে বলেন, বাঙালিদের ত্যাগ ও লড়াইয়ের ইতিহাস সারা বিশ্ব জানে। সুভাষচন্দ্র বসু বা ক্ষুদিরাম বসুর উত্তরসূরিরা মোদি-শাহের এই 'ভীতু' প্রশাসনকে ভয় পায় না। কুণাল ঘোষের পাশাপাশি অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার ও শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনেও এদিন সরব হন কেজরিওয়াল, যেখানে মূল লক্ষ্যই ছিল দেশ থেকে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন