মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ফের এক প্রাণঘাতী হামলার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। হোয়াইট হাউসের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক নৈশভোজে আচমকাই গুলি চলে, যদিও সিক্রেট সার্ভিস তৎক্ষণাৎ অভিযুক্ত শিক্ষক কোল অ্যালেনকে আটক করেছে। তবে এই ঘটনার থেকেও বেশি চর্চা হচ্ছে হামলার ১০ মিনিট আগে অভিযুক্তের পাঠানো এক ‘ম্যানিফেস্টো’ বা ইস্তেহার নিয়ে।
সেখানে অ্যালেন লিখেছিলেন যে তিনি কোনো ‘শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতকের’ অপরাধ দিয়ে নিজের হাত রাঙাতে চান না। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ইস্তেহারের প্রসঙ্গ উঠতেই মেজাজ হারান ট্রাম্প। প্রকাশ্যেই সাফাই দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, “আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি এবং আমি শিশুকামী নই।”
এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম জড়ানো নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। যদিও ট্রাম্প বরাবরই জেফ্রি এপস্টেইনের কুকীর্তির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে দাবি করে এসেছেন। হামলার পর সাংবাদিকদের ওপর ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প জানান, হামলাকারী এক অসুস্থ মানসিকতার মানুষ এবং তাঁর সম্পর্কে যে সব শব্দ ইস্তেহারে ব্যবহার করা হয়েছে, তার কোনোটিই সত্যি নয়।
বরং তিনি পাল্টা দাবি করেন যে তাঁর বিরোধীরাই এই ধরনের নোংরা রাজনীতির সঙ্গে যুক্ত। সিক্রেট সার্ভিস পুরো বিষয়টি তদন্ত করে দেখছে, তবে নির্বাচনের আগে ট্রাম্পের নিরাপত্তা এবং তাঁর ওপর ওঠা এই বিতর্কিত অভিযোগগুলি মার্কিন রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন