দ্বিতীয় দফার ভোটের ঠিক দুদিন আগে পূর্ব বর্ধমানে শোরগোল। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত কাউন্সিলরকে তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করে।
ঘটনাটি বেশ কয়েকদিন আগের; নির্বাচনী আচরণবিধি চলাকালীন এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে অশান্তি শুরু হলে পুলিশ তদন্তে যায়। অভিযোগ, সেই সময় নাড়ুগোপাল ভকত পুলিশকে এলাকায় ঢুকতে বাধা দেন এবং পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁর দাবি ছিল, স্থানীয় কাউন্সিলরকে না জানিয়ে পুলিশ এলাকায় কোনও তদন্ত করতে পারবে না। এই ঘটনার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
আগামী ২৯ এপ্রিল পূর্ব বর্ধমানের বিধানসভা আসনগুলোতে ভোটগ্রহণ। তার ঠিক আগেই একজন ক্ষমতাসীন কাউন্সিলর গ্রেপ্তার হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে কোনও ধরণের আপস করা হবে না।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং ভোটারদের মনে আস্থা ফেরাতে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে ভোটের দিন অশান্তি না ছড়ায়, তার জন্যই এই সক্রিয়তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূল কাউন্সিলরের এই গ্রেপ্তারী দ্বিতীয় দফার নির্বাচনের আগে শাসক দলের জন্য বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়াল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন