খড়্গপুর: ফের শোকের ছায়া খড়্গপুর আইআইটি (IIT Kharagpur) ক্যাম্পাসে। ১০ দিনের ব্যবধানে আবারও এক মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল এই শিক্ষা প্রতিষ্ঠানে। মঙ্গলবার ক্যাম্পাসের হস্টেল থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের নাম সোহম হালদার (২২)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকায়।
পুলিশ ও আইআইটি সূত্রে খবর, সোহম পণ্ডিত মদনমোহন মালব্য হলের ৩২৯ নম্বর রুমের আবাসিক ছিলেন। মঙ্গলবার সকাল থেকে দীর্ঘক্ষণ তাঁর ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় হস্টেলের অন্য আবাসিক ও নিরাপত্তারক্ষীদের। তাঁরা বারবার ডাকাডাকি করেও সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। খড়্গপুর টাউন থানার পুলিশ এসে দরজা ভেঙে ঘর থেকে সোহমের ঝুলন্ত দেহ উদ্ধার করে। দ্রুত তাঁকে ক্যাম্পাসেরই বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই ঘটনার কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা, তা নিয়ে এখনও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। মৃত ছাত্রের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মাত্র ১০ দিন আগেই গত ১৮ এপ্রিল জয়বীর সিং দরিয়া নামে তৃতীয় বর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু হয়েছিল খড়্গপুর আইআইটিতে। অটলবিহারী বাজপেয়ী হলের সামনে থেকে উদ্ধার করা হয়েছিল তাঁর রক্তাক্ত দেহ। একের পর এক মেধাবী ছাত্রের এই মৃত্যুতে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন