ফলতা: দ্বিতীয় তথা শেষ বিধানসভা নির্বাচনের মুখে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পারদ চড়ল তুঙ্গে। সোমবার যে পুলিশ পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানকে তাঁর বাড়িতে গিয়ে ‘সাবধান’ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, মঙ্গলবার তাঁকেই হাতের নাগালে পেয়ে পাল্টা তোপ দাগল শাসকদল। উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ বলে পরিচিত পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার কনভয় ঘিরে এদিন ‘জয় বাংলা’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সামনে থেকে সেই বিক্ষোভের নেতৃত্ব দিলেন খোদ তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।
ঘটনার সূত্রপাত সোমবার, যখন অজয়পাল শর্মা জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে আসেন, ভোটারদের হুমকি দিলে ফল ভালো হবে না। সেই সময় জাহাঙ্গির পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, অজয়পাল যদি ‘সিংহম’ হন, তবে তাঁরাও এক-একজন ‘পুষ্পা’ (ঝুঁকবেন না)।
মঙ্গলবার সকালে অজয়পাল শর্মা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফলতার বিভিন্ন এলাকায় রুট মার্চ করতে বের হন। খানপাড়া এলাকায় তৃণমূল কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই বিক্ষোভের মুখে পড়েন তিনি। জাহাঙ্গির খানের নেতৃত্বে কয়েকশো কর্মী-সমর্থক পুলিশ পর্যবেক্ষকের গাড়ি লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভের জেরে অজয়পালের কনভয়ের পেছনের কয়েকটি গাড়ি কিছুক্ষণের জন্য আটকে যায়।
তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের অভিযোগ, “এই পুলিশ অফিসার সম্পূর্ণ বিজেপির কথায় চলছেন। তিনি সাধারণ ভোটারদের মধ্যে অহেতুক ভীতি সৃষ্টি করছেন এবং এলাকার শান্ত পরিবেশ নষ্ট করতে চাইছেন। কিন্তু, তিনি মনে রাখবেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মভূমি, আমরা ভয় পাব না।” নির্বাচন কমিশনের এই ‘সক্রিয়তা’ ও পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল শিবির সাফ জানিয়েছে, কোনও চাপ সৃষ্টি করেই ভোটারদের মন জয় করা যাবে না।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন