কলকাতা: বিতর্কে জড়িয়েও বড়সড় স্বস্তি পেলেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। উত্তরপ্রদেশের এই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অফিসারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, নির্বাচনের এই পর্যায়ে পুলিশ পর্যবেক্ষকের কাজ বা গতিবিধিতে আদালত কোনও হস্তক্ষেপ করবে না।
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তাঁকে ‘সতর্ক’ করে আসা এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগে অজয়পাল শর্মার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। তাঁর দাবি ছিল, ওই আইপিএস অফিসার নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় ভীতি প্রদর্শন করছেন।
তবে, এদিন মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট করে দেন যে, ২৯ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ভোট চলাকালীন সময়ে নির্বাচনের দায়িত্বে থাকা কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে আনা এই ধরনের অভিযোগে আদালত হস্তক্ষেপ করতে ইচ্ছুক নয়। ফলে মামলাটি সরাসরি খারিজ হয়ে যায়।
উল্লেখ্য, অজয়পাল শর্মাকে ঘিরে গত দু’দিন ধরে ফলতায় রাজনৈতিক পারদ তুঙ্গে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান তাঁকে ‘সিংহম’ বলে কটাক্ষ করেছিলেন এবং পর্যবেক্ষকের কনভয় ঘিরে বিক্ষোভও দেখানো হয়েছিল। হাইকোর্টের এই রায়ের ফলে ফলতা তথা দক্ষিণ ২৪ পরগনার স্পর্শকাতর বুথগুলিতে অজয়পাল শর্মার কড়া নজরদারি চালিয়ে যেতে আর কোনও আইনি বাধা রইল না। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে এই নির্দেশ কমিশনের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন