কলকাতা: নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ এবং স্লোগান রাজনীতি নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়েছেন, ফলতার ঘটনা নিয়ে কমিশন এখনই নিজে থেকে কোনও রিপোর্ট তলব করছে না। তবে, পুলিশ পর্যবেক্ষক যদি প্রয়োজন মনে করেন, তবে তিনি নিজে রিপোর্ট দিতে পারেন।
ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয়পাল শর্মা। তারই প্রতিবাদে মঙ্গলবার অজয়পাল শর্মার কনভয় ঘিরে 'জয় বাংলা' ও 'গো ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষক নিজেই ভোটারদের ভয় দেখাচ্ছেন এবং বিজেপির হয়ে কাজ করছেন।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে সিইও মনোজ আগরওয়াল বলেন, “দক্ষিণ ২৪ পরগনার বিক্ষোভ ও জমায়েতের বিষয়টি পুলিশ পর্যবেক্ষকের নজরে রয়েছে। তিনি যদি রিপোর্ট দেন, তবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। এছাড়া জেলা নির্বাচনী আধিকারিক (DEO) বা পুলিশ কোনও রিপোর্ট দিলে আমরা অবশ্যই তা খতিয়ে দেখব।” সিইও আরও যোগ করেন, কমিশন এখনও পর্যন্ত নিজে থেকে কোনও রিপোর্ট চায়নি।
ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, “ভোটারদের ভয় দেখানো বেআইনি কাজ। ভোটারদের হুমকি দেওয়ার অধিকার কারও নেই। কোথাও আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ তার কাজ করবে। যদি কোনও ভোটারকে ভয় দেখানো হয়, তবে সরাসরি আমাদের জানান, আমরা যথাযথ ব্যবস্থা নেব।”
বুধবার রাজ্যে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে ফলতার এই ‘সিংহম বনাম পুষ্পা’ লড়াই কমিশনের সদর দফতরে ঠিক কতটা গুরুত্ব পায়, এখন সেটাই দেখার ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন