ফলতা: রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার হাইভোল্টেজ নির্বাচনের ঠিক আগের দিন সরগরম দক্ষিণ ২৪ পরগনার ফলতা। পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মাকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। পক্ষপাতিত্বের অভিযোগে ফলতার যুগ্ম বিডিও (Joint BDO) সৌরভ হাজরাকে সরিয়ে দেওয়া হল। তাঁর পরিবর্তে নতুন জয়েন্ট বিডিও হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রম্য ভট্টাচার্যকে। অপসারিত আধিকারিককে পুরুলিয়ায় বদলি করা হয়েছে।
কমিশন সূত্রে জানানো হয়েছে, সৌরভ হাজরার বিরুদ্ধে ভোট প্রক্রিয়ায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছিল। যদিও এই রদবদলের সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের ঘটনার কোনও সরাসরি যোগ নেই বলে দাবি কমিশনের। তবে, ঘটনাচক্রে মঙ্গলবারই ফলতায় পুলিশ পর্যবেক্ষকের কনভয় ঘিরে তীব্র বিক্ষোভ দেখায় তৃণমূল।
উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস তথা ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয়পাল শর্মা বর্তমানে ফলতার পুলিশ পর্যবেক্ষক। সোমবার রাতে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে তাঁর ‘হুঁশিয়ারি’ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। জাহাঙ্গিরের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পর্যবেক্ষক সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছেন। পর্যবেক্ষককে ‘সিংহম’ সম্বোধন করে জাহাঙ্গির পালটা নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করেন এবং জানান যে তাঁরা মাথা নত করবেন না।
মঙ্গলবার সকালে অজয়পাল শর্মার কনভয় ফলতা দিয়ে যাওয়ার সময় ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। এর কিছুক্ষণ পরেই জয়েন্ট বিডিওর অপসারণের খবর আসে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ফলতার বিক্ষোভ নিয়ে পর্যবেক্ষক চাইলে রিপোর্ট দিতে পারেন। তবে, সিইও দফতর নিজে থেকে কিছু করছে না। দ্বিতীয় দফার ভোটের আগে প্রশাসনের এই রদবদল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন