রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীনই বদলে গেল আবহাওয়ার মেজাজ। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মাঝেই ছাতা মাথায় দিয়ে বুথের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী কয়েকদিন রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কালবৈশাখীর জেরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যার ফলে দিনের তাপমাত্রা ২। থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সাগরে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত ভোটের উত্তাপের মাঝে কালবৈশাখীর এই দাপট কিছুটা স্বস্তি দিলেও বৃষ্টির জেরে ভোটগ্রহণের গতি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন