বাংলার দ্বিতীয় দফার নির্বাচনে আজ সকাল থেকেই চর্চার কেন্দ্রে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। উত্তরপ্রদেশ ক্যাডারের এই আইপিএস আধিকারিক, যিনি ‘সিংহম’ এবং ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবেই পরিচিত, আজ সকাল থেকেই নিজের কনভয় নিয়ে বেরিয়ে পড়েছেন।
সাঁজোয়া গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর বিশাল জওয়ান বাহিনীকে সঙ্গে নিয়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি ফলতা, ডায়মন্ড হারবার এবং মগরাহাট (পশ্চিম) বিধানসভা এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করছেন। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে যে ১১ জন নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে, তাঁদের মধ্যে অজয়পাল শর্মার ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে সবথেকে বেশি আলোড়ন তৈরি হয়েছে।
তবে অজয়পাল শর্মার এই অতিসক্রিয়তা নিয়ে তীব্র আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, এই পুলিশ আধিকারিক সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। সম্প্রতি ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে পৌঁছে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই আইপিএস-এর বিরুদ্ধে, যার একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন মহুয়া মৈত্র।
এই ঘটনার প্রেক্ষিতে অজয়পাল শর্মাকে রাজ্যের নির্বাচনী দায়িত্ব থেকে সরানোর দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারী আদিত্য দাস এই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। একদিকে যখন তৃণমূল তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, অন্যদিকে তখন বিন্দুমাত্র দমে না গিয়ে রণংদেহি মেজাজে বুথে বুথে টহল দিয়ে ভোট পরিস্থিতি তদারকি করছেন এই ‘সিংহম’ অফিসার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন