গাইঘাটা: ভোটের বাংলায় ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী। এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক বৃদ্ধ ভোটারের পোষাক নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভব্য আচরণ এবং বিদ্রুপের অভিযোগ উঠল। এই ঘটনা কেন্দ্র করে বুথ চত্বরে উত্তেজনা ছড়ায় এবং সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় গাইঘাটার একটি বুথে ভোট দিতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। তীব্র গরমের কারণে তিনি সাধারণ গ্রাম্য পোষাক পরেই লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে দেখামাত্রই তাঁর পোষাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং তাঁকে বিদ্রুপ করতে শুরু করেন! এমনকী, ওই বৃদ্ধকে লাইনে দাঁড়ানো অবস্থাতেও হেনস্থা করা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
এই ঘটনার খবর চাউর হতেই বুথের বাইরে জমায়েত করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার বদলে সাধারণ মানুষকে অপদস্থ করছে। এক গ্রামবাসীর কথায়, "কারও পোষাক দেখে তাঁকে বিচার করা বা বিদ্রুপ করা বাহিনীর কাজ নয়। এটি সাধারণ নাগরিকের মর্যাদাহানি।" উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের হস্তক্ষেপ করতে হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বাহিনীর এই আচরণের বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বও সরব হয়েছে। তাদের দাবি, ভোটারদের উৎসাহিত করার বদলে এহেন আচরণ তাঁদের মনে ভীতির সঞ্চার করছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন