সাতগাছিয়া: প্রথম দফা মোটের ওপর শান্তিতে কাটলেও দ্বিতীয় দফার শুরু থেকেই বিক্ষিপ্তভাবে উত্তপ্ত বাংলার বিভিন্ন প্রান্ত। বুধবার দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় এক অনভিপ্রেত ঘটনা কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল। অভিযোগ, ভোটারদের ভিড় সরাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর চালানো লাঠির আঘাতে জখম হয়েছে মাত্র দু’বছরের একটি শিশু! এই ঘটনা কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সাতগাছিয়ার ১১৬ নম্বর বুথ চত্বর।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ওই বুথে ভোটারদের ভিড় উপচে পড়েছিল। লাইন সামাল দেওয়া এবং ভিড় সরানোর কাজ করছিল কেন্দ্রীয় বাহিনী। সেই সময় অতর্কিতে লাঠিচার্জ শুরু হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ব্যক্তির কোলে ছিল ওই দু’বছরের শিশুটি। লাঠিচার্জ চলাকালীন লাঠির ঘা সরাসরি শিশুটির গায়ে লাগে এবং সে কোল থেকে পড়ে গিয়ে চোট পায়।
এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জওয়ানদের ঘিরে ধরে চলে তুমুল বিক্ষোভ। গ্রামবাসীর অভিযোগ, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার নামে অমানবিক আচরণ করছে কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় এবং জানানো হয় যে ঘটনাটি ‘ভুলবশত’ ঘটে গিয়েছে। কিন্তু, তাতে ক্ষোভ প্রশমিত হয়নি।
সাতগাছিয়ার পাশাপাশি এদিন ক্যানিং পশ্চিমের ১১২ নম্বর বুথেও উত্তেজনা ছড়ায়। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যার জেরে প্রায় একঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকে। অন্যদিকে, পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ইভিএমে সেলোটেপ সাঁটানোর অভিযোগে প্রায় ৩ ঘণ্টা ভোট বন্ধ থাকার খবর মিলেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন