কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় ভোটদানের হার ছাপিয়ে যাচ্ছে একের পর এক রেকর্ড! বুধবার দ্বিতীয় দফার ভোটে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের যে পরিসংখ্যান সামনে এসেছে, তা প্রথম দফার হারকেও অতিক্রম করে গিয়েছে! বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে সামগ্রিক ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৯.৯৯ শতাংশ। উল্লেখ্য, প্রথম দফায় এই সময় পর্যন্ত ভোট পড়েছিল ৮৯.৯৩ শতাংশ।
বিকেল ৫টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভোটদানের নিরিখে জেলাগুলির মধ্যে সবার আগে রয়েছে পূর্ব বর্ধমান। সেখানে ভোটের হার ৯২.৪৬ শতাংশ। অন্যদিকে, সবথেকে কম ভোট পড়েছে কলকাতা দক্ষিণে (৮৬.১১ শতাংশ)। অন্যান্য জেলার মধ্যে হুগলিতে ৯০.৩৪ শতাংশ, নদিয়ায় ৯০.২৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮৯.৭৪ শতাংশ, হাওড়ায় ৮৯.৪৪ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.৫৭ শতাংশ এবং কলকাতা উত্তরে ৮৭.৭৭ শতাংশ ভোট পড়েছে।
ভোটগ্রহণ শেষ হতে তখনও এক ঘণ্টা বাকি ছিল, তাই চূড়ান্ত হার আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর জানা যাবে বাংলার গড় ভোটগ্রহণের প্রকৃত ছবি। তবে, বিকেলের পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, অসম (৮৫.৩৮ শতাংশ) বা পুদুচেরির (৮৯.৯৩ শতাংশ) মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তুলনায় বাংলার ভোটারদের উৎসাহ অনেক বেশি।
তীব্র দাবদাহ এবং বিক্ষিপ্ত অশান্তির খবরের মাঝেই ভোটারদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। ভোটদানের এই বিপুল হার কোন দলের নেতৃত্বের মুখে শেষ হাসি ফোটাবে, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিবৃতির দিকেই এখন নজর সকলের।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন