সাধারণ মানুষের পকেটে টান পড়তে পারে মে মাসের শুরু থেকেই। আগামী ১ মে থেকে এলপিজি সিলিন্ডার বুকিং এবং ডেলিভারি ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে দেশের প্রধান তিন তেল সংস্থা— ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম।
মূলত রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবং বেআইনি মজুত বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, শহর ও গ্রামভেদে দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যবর্তী সময়ের ব্যবধানে বদল আনা হচ্ছে। শোনা যাচ্ছে, শহরাঞ্চলে একটি সিলিন্ডার নেওয়ার পর দ্বিতীয়টি বুক করতে অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে, যা আগে ছিল ২১ দিন। গ্রামাঞ্চলে এই সময়সীমা বাড়িয়ে করা হচ্ছে ৪৫ দিন। নির্দিষ্ট সময়ের আগে বুকিংয়ের চেষ্টা করলে সিস্টেম থেকে গ্রাহকের আইডি স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেওয়া হবে।
সিলিন্ডার ডেলিভারির ক্ষেত্রেও নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। ১ মে থেকে 'ডেলিভারি অথেনটিকেশন কোড' বা ডিএসি (DAC) ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। এবার থেকে কেবল টাকা দিলে বা ব্লু-বুক দেখালেই হবে না, গ্রাহকের রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) বা অথেনটিকেশন কোড না দেখালে সিলিন্ডার মিলবে না। বর্তমানে প্রায় ৯৪.৫ শতাংশ ক্ষেত্রে এই ওটিপি ব্যবস্থা চালু থাকলেও, মে মাস থেকে এটি সম্পূর্ণ বাধ্যতামূলক হয়ে যাচ্ছে।
এর পাশাপাশি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বায়োমেট্রিক বা আধার ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করাও আবশ্যক করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ইরান ও ইজরায়েলের সংঘাতের প্রভাবে অপরিশোধিত তেলের অস্থিরতার কারণে ১ মে নতুন করে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন