ভোটপর্ব শেষ হতে না হতেই এখন নির্বাচন কমিশনের পাখির চোখ হলো ইভিএম এবং স্ট্রংরুমের নিশ্ছিদ্র নিরাপত্তা। জনমত আপাতত যন্ত্রবন্দি, আর সেই অমূল্য রায়কে আগলে রাখতে গণনাকেন্দ্র ও স্ট্রংরুমের পাহারায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে রাজ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, যার মধ্যে ১০০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি বিএসএফ এবং আইটিবিপি ও এসএসবি-র মতো বাহিনীও রয়েছে।
কমিশন সূত্রে খবর, স্ট্রংরুমের নিরাপত্তায় এই জওয়ানের সংখ্যা এখন আরও কয়েক গুণ বৃদ্ধি করা হচ্ছে। প্রতিটি স্ট্রংরুমের প্রবেশপথে ১২ থেকে ১৮ জন সশস্ত্র জওয়ানের কড়া নজরদারি জারি করা হয়েছে যাতে কোনোভাবেই সুরক্ষায় গাফিলতি না থাকে।
এ বছর রাজ্যে ২৯৪টি আসনের জন্য গণনাকেন্দ্রের সংখ্যা আগের তুলনায় কমিয়ে ৮৭টি করা হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৯০ এবং ২০২১ সালে ছিল ১০৮। গণনাকেন্দ্র কম হওয়ায় সেখানে ভিড় ও উত্তেজনা সামলাতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ আরও আঁটোসাঁটো করার প্রয়োজন মনে করছে কমিশন। জেলা ধরে ধরে ইতিপূর্বেই গণনাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
আগামী ৪ মে ভোটগণনার দিন পর্যন্ত প্রতিটি মুহূর্ত ইভিএমের ওপর যাতে কড়া নজরদারি থাকে, তার জন্য সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আধা-সেনার এই বিশাল বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয়তা গণনা প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন