পুনের কন্ধোয়া এলাকার গঙ্গাধামে একটি পরিত্যক্ত জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অন্তত ২৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার রাত ১টা নাগাদ এই শোধনাগারের গোডাউনে থাকা একটি পুরনো ট্যাঙ্ক থেকে আচমকাই গ্যাস বেরোতে শুরু করে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে সংলগ্ন জনবসতিতে। গ্যাসের গন্ধে স্থানীয়দের মধ্যে তীব্র শ্বাসকষ্ট ও অসুস্থতা দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশেষ বাহিনী। উদ্ধারকাজ চালানোর সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে ২২ জন স্থানীয় বাসিন্দার পাশাপাশি দুই দমকলকর্মীও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করে দ্রুত স্যাসুন জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দমকল বাহিনীর তৎপরতায় বর্তমানে লিক হওয়া ট্যাঙ্কটি মেরামত করা সম্ভব হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অসুস্থরা বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
জানা গিয়েছে, শোধনাগারটির কাজ অনেক দিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল এবং ইউনিটের সরঞ্জামও সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু কোনো কারণে এই পুরনো ট্যাঙ্কটি গোডাউনে থেকে গিয়েছিল, যা থেকে এই বিপত্তি ঘটে। মাঝরাতের এই দুর্ঘটনায় বড়সড় বিপর্যয় ঘটতে পারত বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে কেন পরিত্যক্ত ওই ট্যাঙ্কটি সেখানে ফেলে রাখা হয়েছিল।
বিষয় : AccidentAlert punenews gasleak

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন