নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রয়াত প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি নিয়ে সংঘাত এবার চরমে! বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট এক ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন নির্দেশে সঞ্জয় কাপুরের বিদেশের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। আদালতের এই কড়া পদক্ষেপে করিশ্মার দুই সন্তান - সামায়রা এবং কিয়ান রাজ কাপুরের ভবিষ্যৎ অধিকার রক্ষায় এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
গত বছর লন্ডনে সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর পর থেকেই তাঁর ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়। যার একদিকে রয়েছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর এবং অন্যদিকে করিশ্মার দুই সন্তান। সামায়রা ও কিয়ানের অভিযোগ, প্রিয়া কাপুর সঞ্জয় কাপুরের একটি 'জাল উইল' তৈরি করেছেন। শুধু তাই নয়, আদালতের কাছে সম্পত্তির যে তালিকা জমা দেওয়া হয়েছে, তাতে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি, দামি ঘোড়া এবং রোলেক্স বা অডেমার্স পিগুয়েট-এর মতো বিলাসবহুল ঘড়ির উল্লেখ নেই বলে দাবি করেছেন তাঁরা।
দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, সঞ্জয় কাপুরের এই বিশাল সম্পত্তি কোনওভাবেই নষ্ট বা হাতবদল করা যাবে না। আদালত আরও বলেছে, "সঞ্জয় কাপুরের সন্তানদের এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হলে তা চরম অবিচার হবে।" ফলস্বরূপ, প্রিয়া সচদেব কাপুরের উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি আপাতত সঞ্জয় কাপুরের কোনও সম্পত্তি বিক্রি করতে পারবেন না এবং বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও অকেজো থাকবে।
গত বছর ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। তাঁর মা রানি কাপুর এই মৃত্যুর নেপথ্যে 'আন্তর্জাতিক ষড়যন্ত্রের' ইঙ্গিত দিলেও ব্রিটিশ চিকিৎসকরা অস্বাভাবিক কিছু পাননি। তবে, মৃত্যুর এক বছরের মধ্যেই তাঁর ফেলে যাওয়া বিশাল সাম্রাজ্য নিয়ে শুরু হওয়া এই আইনি লড়াই এখন বলিউডের গসিপ ছাড়িয়ে আদালতের অলিন্দে বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন